খেলাধুলা

মাসচেরানোর লাল কার্ড, সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে মেসিহীন মিয়ামি

মাসচেরানোর লাল কার্ড, সুয়ারেজের জোড়া গোলে সেমিফাইনালে মেসিহীন মিয়ামি

দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি ছিলেন দর্শকসারিতে। চোটের কারণে আবারও মাঠে নামতে পারেননি তিনি। দল এতেই শক্তি হারিয়েছিল অনেকটা, এদিকে কোচ হাভিয়ের মাসচেরানোকেও ম্যাচের মাঝপথে হারিয়ে বসে ইন্টার মিয়ামি। তবে এতেও দলটার জয় থেমে থাকেনি। ত্রাতা হয়ে এলেন লুইস সুয়ারেজ। তার জোড়া গোলে শেষ পর্যন্ত নাটকীয় ম্যাচে টাইগ্রেসকে ২-১ গোলে হারিয়েছে মিয়ামি। উঠে গেছে লিগস কাপের সেমিফাইনালে।উরুগুয়ের তারকা লুইস সুয়ারেজের দুই গোল করেছেন, দুটোই এসেছে পেনাল্টি কিক থেকে। ম্যাচের ২৩ মিনিটে হ্যান্ডবলে পেনাল্টি পায় মিয়ামি। সেখান থেকে গোল করেন সুয়ারেজ। শেষ মুহূর্তে ৮৯ মিনিটে আবারও পেনাল্টি থেকে জালে বল জড়ান তিনি।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে রেফারির সঙ্গে তর্ক জুড়ে দিয়েছিলেন কোচ মাসচেরানো। আর তাতেই লাল কার্ড দেখে বসেন তিনি। মাসচেরানো মাঠের বাইরে থাকায় দ্বিতীয়ার্ধে দল সামলান সহকারী কোচ লেয়ান্দ্রো স্টিলিতানো। একে তো মেসি নেই, তার ওপর কোচও নেই। এমন পরিস্থিতিতে মিয়ামি দ্বিতীয়ার্ধে লিডটাও খুইয়ে বসে। টাইগ্রেস সমতায় ফেরে আর্জেন্টাইন ফরোয়ার্ড আনহেল কোররেয়ার গোলে। কিন্তু শেষ মুহূর্তে আবারও সুয়ারেজের নৈপুণ্যে জয় পায় মিয়ামি। যোগ করা সময়ে টাইগ্রেসের এদগার লোপেজ সমতায় ফেরার বড় সুযোগ পান। তার শট একবার পোস্টে লেগে ফেরে, আবার অন্য পোস্টে লেগে ফিরে আসে।

ম্যাচের সময় মিয়ামির আরেক অভিজ্ঞ তারকা জর্দি আলবা চোট পান। তাকে বদলি করতে হয়। মেসিও তাতে খানিকটা চিন্তায় পড়ে গিয়েছিলেন, গ্যালারিতে চিন্তিত মুখটা তাই বলে দিচ্ছিল। তবে সুয়ারেজের নেতৃত্বে দল জয় তুলে নেওয়ায় শেষে হাসি ফুটে ওঠে তার মুখে।এই জয়ে সেমিফাইনালে মিয়ামির প্রতিপক্ষ অরল্যান্ডো সিটি। দুই সপ্তাহ আগে লিগ ম্যাচে অরল্যান্ডোর কাছে ৪-১ গোলে হেরেছিল মিয়ামি। এবার প্রতিশোধের সুযোগ থাকছে মেসি-মাসচেরানোর দলের সামনে।