খেলাধুলা

বাংলাদেশ যুব দলের সাবেক ব্যাটিং পরামর্শক ভারতীয় ক্রিকেটের নতুন বস

বাংলাদেশ যুব দলের সাবেক ব্যাটিং পরামর্শক ভারতীয় ক্রিকেটের নতুন বস

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ৬ অক্টোবর। কাউন্সিলরদের ভোটে নির্বাচিত পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন বিসিবির নতুন সভাপতি। শেষ পর্যন্ত সমঝোতা না হলে সভাপতি পদের জন্য লড়বেন জাতীয় দলের দুই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম ও তামিম ইকবাল।

বাংলাদেশের সাতদিন আগে ভারতও সাবেক এক ক্রিকেটারকে নতুন বোর্ড সভাপতি হিসাবে বেছে নিল। তবে আমিনুল ও তামিমের মতো দেশের হয়ে খেলার সৌভাগ্য হয়নি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নতুন সভাপতি মিঠুন মানহাসের।

রোববার মুম্বাইয়ে বিসিসিআইয়ের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় একমাত্র প্রার্থী হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন ৪৫ বছর বয়সি মানহাস। তিনি বিসিসিআইয়ের ৩৭তম নির্বাচিত সভাপতি।

প্রায় দুই দশকের ক্যারিয়ারে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫৭ ম্যাচে ৯৭১৪ রান করলেও জাতীয় দলে কখনো ডাক পাননি কাশ্মীরের জম্মুতে জন্ম নেওয়া মানহাস। রনজি ট্রফিতে দীর্ঘদিন তিনি নেতৃত্ব দিয়েছেন দিল্লিকে। ২০১৭ সালে অবসরের পর আইপিএলের কয়েকটি দলে কোচিং করানোর পাশাপাশি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক হিসাবে কাজ করেছেন মানহাস।ভারতের শাসক দল বিজেপির আশীর্বাদে মূলত বড় তারকা না হয়েও ক্রিকেটের সবচেয়ে প্রভাবশালী বোর্ডের প্রধান হলেন তিনি। গত সপ্তাহে দিল্লিতে বিসিসিআইয়ের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের এক অনানুষ্ঠানিক বৈঠকে নতুন সভাপতি হিসাবে তার নাম চূড়ান্ত হয়েছিল।

গত মাসে সভাপতির পদ থেকে রজার বিনি সরে দাঁড়ানোর পর এতদিন অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলেছেন সহসভাপতি রাজীব শুক্লা। নতুন বোর্ডেও সহসভাপতি নির্বাচিত হয়েছেন শুক্লা। আগের মতোই সচিবের দায়িত্বে থাকছেন দেবজ্যোতি সাইকিয়া।

সাবেক স্পিনার রঘুরাম ভাট পেয়েছেন কোষাধ্যক্ষের দায়িত্ব। এছাড়া জাতীয় দলের নির্বাচক কমিটিতে যুক্ত হয়েছেন দুই সাবেক ক্রিকেটার প্রজ্ঞান ওঝা ও রুদ্রপ্রতাপ সিংহ। নির্বাচক কমিটির প্রধান আগের মতোই অজিত আগরকার।