দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪৮ জনে।
শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ৬৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। একই সঙ্গে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ৭৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে ৯২ শিশু। একই সময়ে হাম সন্দেহে মারা গেছে আরও ৫৫৬ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪৮ জনে।
একই সময়ে দেশে নিশ্চিত হাম আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ২৪৮। আর সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৮৯৯।
প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ মার্চের পর থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজার ৬০৬ জন। এদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৬৫ হাজার ৮৫২ জন।


