আন্তর্জাতিকসর্বশেষ সংবাদ

বাংলাদেশের নতুন সরকারকে যে প্রস্তাব দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশের নতুন নির্বাচিত সরকারকে বিভিন্ন সামরিক ও বাণিজ্যিক প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মূলত দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান উপস্থিতির পর নড়েচড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। চীনা সামরিক সরঞ্জামের বিকল্প হিসেবে নিজেদের ও মিত্রদের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করার জন্য বাংলাদেশের পরবর্তী সরকারকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে দেশটি। ঢাকায় নিযুক্ত ওয়াশিংটনের রাষ্ট্রদূত বার্তাসংস্থা রয়টার্সকে এ কথা জানিয়েছেন।

২০২৪ সালের আগস্টে জেন-জি নেতৃত্বাধীন এক গণঅভ্যুত্থানে ভারতপন্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা দিল্লিতে পালিয়ে গেছেন। তার পলায়নের পর ভারতের প্রভাব হ্রাস পেতে থাকায় বাংলাদেশে চীন নিজেদের প্রভাব আরও বিস্তৃত করার সুযোগ পেয়েছে।

সম্প্রতি ভারতের সীমান্তের কাছে একটি ড্রোন কারখানা নির্মাণে বাংলাদেশের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি সই করে চীন, যা পশ্চিমা কূটনীতিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এ ছাড়া চীন ও পাকিস্তানের যৌথ প্রকল্প জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়েও আলোচনা চালাচ্ছে বাংলাদেশ।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। চীনের সঙ্গে কিছু বিষয়ে সম্পৃক্ততার ঝুঁকি স্পষ্টভাবে তুলে ধরতে বাংলাদেশের সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।