আন্তর্জাতিকলিড নিউজ

ট্রাম্পের অডিও ফাঁস: মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি

ট্রাম্পের অডিও ফাঁস: মস্কো ও বেইজিংয়ে বোমা ফেলার হুমকি

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনে হামলা থেকে বিরত রাখতে মস্কোতে বোমা হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই ভাবে তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ে বোমা মারবেন সি চিন পিংকে হুমকি দিয়েছিলেন তিনি। ২০২৪ সালে নির্বাচনী তহবিল সংগ্রহের অনুষ্ঠানে অনুদান দাতাদের এ কথা বলেছিলেন ট্রাম্প নিজেই। সম্প্রতি ওই আলাপচারিতার একটি অডিও সিএনএনের হাতে এসেছে।

সিএনএনের প্রতিবেদন অনুযায়ী, ফাঁস হওয়া ওই অডিওতে ট্রাম্পকে বলতে শোনা যায়, আমি পুতিনকে বলেছিলাম যে সে যদি ইউক্রেনে হামলা বন্ধ না করে তাহলে আমি মস্কোয় বোমা ফেলব। আমি তাকে বলেছিলাম যে, এ ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না। তখন পুতিন আমাকে বলেছিলেন, তিনি আমাকে বিশ্বাস করেন না। কিন্তু আমি নিশ্চিত যে ১০ শতাংশ হলেও সে আমার কথা বিশ্বাস করেছিল।

তহবিল দাতাদের সঙ্গে গত বছরের ওই বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন, তিনি চীনের প্রেসিডেন্ট সি চিন পিংকেও একই ধরনের হুমকি দিয়েছিলেন। তার ভাষ্যমতে, সি যদি তাইওয়ানে হামলা চালান, জবাবে যুক্তরাষ্ট্রও বেইজিংয়ে বোমা ফেলবে বলে চীনা প্রেসিডেন্টকে হুঁশিয়ার করে দিয়েছিলেন তিনি।

ফাঁস হওয়া ওই অডিওতে শোনা যায়, সি চিন পিং সম্পর্কে ট্রাম্প বলেন, ‘তিনি ভেবেছিলেন আমি পাগল।’ তবে ট্রাম্প দাবি করেছেন, সি’র সঙ্গে তার কখনো কোনো ঝামেলা হয়নি।