বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা ভিকি কৌশল ২০২১ সালে সাতপাকে বাঁধা পড়েন। চার বছরের এই দাম্পত্যজীবনে প্রেম-বন্ধুত্বের নিখুঁত মেলবন্ধন গড়ে তুলেছেন এ তারকা জুটি। সেই সম্পর্কেরই এক উজ্জ্বল মুহূর্ত ধরা পড়ল ক্যাটরিনার ৪২তম জন্মদিনে।
স্ত্রী ক্যাটরিনা কাইফকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে চারটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে নিয়েছেন ভিকি কৌশল। প্রথম ছবিতে দেখা যায়, সাদা টপ আর নীল প্যান্ট পরে দরজা খুলে মজার মুখে উঁকি দিচ্ছেন ক্যাটরিনা। আরেক ছবিতে অভিনেত্রীকে জড়িয়ে চুমু খেতে দেখা যায় অভিনেতাকে। আর তৃতীয় ছবিতে দেখা যায়, পাহাড়ে কাটানো একটি মুহূর্ত। কোলে বালিশ, মুখে হাসি—ভিকি-ক্যাটরিনার মধ্যে চলছে প্রাণখোলা আড্ডা। আর চতুর্থ ছবিতে দেখা যায়, ক্যাটরিনা সমুদ্রের ধারে, সাদা শার্ট পরে ক্যামেরার দিকে তাকিয়ে আছে।
সামাজিক মাধ্যমে এ ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে ভিকি কৌশল লিখেছেন— ‘হ্যালো বার্থডে গার্ল, আই লাভ ইউ।’ যদিও অভিনেতার এ পোস্ট ভক্তদের মন ভরাতে পারেনি। বিশেষ দিনে আরও অনেক ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করা উচিত ছিল বলে জানিয়েছেন অনুরাগীরা।
উল্লেখ্য, চলতি বছরে ‘ছাবা’ সিনেমায় ভিকি কৌশলের পারফরম্যান্স বেশ সাড়া ফেলে দিয়েছে। এ অভিনেতা আপাতত ব্যস্ত রয়েছেন ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিং নিয়ে। অন্যিদকে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে শেষ দেখা গেছে ২০২৩ সালের ‘টাইগার থ্রি’ সিনেমায়।



