তিন দফা দাবিতে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের মহাসমাবেশ কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এ মহাসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
এর আগে ভোর থেকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সহকারী শিক্ষকরা ঢাকায় এসে সমাবেশস্থলে জড়ো হন।
শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের প্রবেশ পদে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ;
২. প্রধান শিক্ষকের শূন্য পদগুলো শতভাগ পদোন্নতির মাধ্যমে পূরণ;
৩. ১০ বছর ও ১৬ বছরের উচ্চতর গ্রেড প্রদানে উন্নীত স্কেলকে উচ্চতর গ্রেড হিসেবে গণ্য না করা।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, ‘আজকের মধ্যে সরকার থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি না পেলে সমাবেশ থেকে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব’।
তিনি আরও জানান, এ মহাসমাবেশে বিএনপি, জামায়াত, এনসিপি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নিচ্ছেন।

