প্রযুক্তি বিশ্ব ফের তাক লাগালো চীন। প্রথমবারের মতো দেশটির একটি হিউম্যানয়েড রোবট ভর্তি হলো ডক্টরাল তথা পিএইডডি প্রোগ্রামে। সংবাদমাধ্যম চায়না ডেইলি তাদের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনটিতে বলা হয়, চীনের সাংহাই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৈরি একটি মানবাকৃতির বুদ্ধিমান রোবট সম্প্রতি সাংহাই থিয়েটার একাডেমির নাটক, চলচ্চিত্র ও টেলিভিশন প্রোগ্রামে ডক্টরাল শিক্ষার্থী হিসেবে ভর্তি হয়েছে। রোবটটির লক্ষ্য হলো জেনেরেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং থিয়েট্রিকাল আর্টসের সংমিশ্রণ আরও গভীরভাবে অনুসন্ধান করা।
২০২৫ সালে সাংহাইতে অনুষ্ঠিত বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলনে এই ভর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এটি চীনের প্রথম মানবাকৃতির বুদ্ধিমান রোবট, যা ডক্টরাল প্রোগ্রামে ভর্তি হল। চার বছরের এই ডক্টরাল প্রোগ্রামে রোবটটি পাবে সাংগঠনিক ও মৌলিক শিক্ষা, নাট্যশিল্প ও রোবোটিক সিস্টেম, অভিনয়ের অঙ্গভঙ্গি, মানবিক আবেগ ও কগনিটিভ মডেলিং ইত্যাদির প্রশিক্ষণ।
রোবটটি ক্লাসরুমেও অংশ নেবে এবং গবেষণার কাজে যুক্ত হবে। সেইসঙ্গে শিখবে নাটকের বিভিন্ন তত্ত্ব। পরে অবশ্য এর জায়গা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারফর্মিং আর্টস সংযুক্ত গবেষণাগারে।
“সুয়ে বা ০১” নামের রোবটটিকে সাংহাই থিয়েটার একাডেমিতে নাট্যকলা বিষয়ে পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী হিসেবে ভর্তি করানো হয়েছে। ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় সম্প্রতি সাংহাইতে অনুষ্ঠিত ২০২৫ ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্সে।

