বিজ্ঞান ও প্রযুক্তি

চাঁদে শহর বানাতে চান মাস্ক

যুক্তরাষ্ট্রের ধনকুবের ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক জানিয়েছেন, তার মহাকাশযান প্রস্তুতকারক এবং মহাকাশ যাত্রা সেবা দেওয়া প্রতিষ্ঠান স্পেসএক্স এখন চাঁদে মানুষের থাকার জন্য একটি শহর তৈরির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।

তিনি মনে করেন, আগামী ১০ বছরের মধ্যেই চাঁদে এই শহর বানানো সম্ভব। খবর রয়টার্সের। আগে মাস্কের মূল লক্ষ্য ছিল মঙ্গল গ্রহে যাওয়া। কিন্তু এখন তিনি বলছেন, মানুষের ভবিষ্যৎ নিরাপদ করতে হলে আগে চাঁদে যাওয়া জরুরি। ২০২৭ সালের শুরুর দিকেই চাঁদে একটি রোবট চালিত যান পাঠানোর পরিকল্পনা করছে ইলন মাস্কের কোম্পানি।

১৯৭২ সালের পর মানুষ আর চাঁদে যায়নি, তাই এবার দ্রুত সেখানে ফেরার চেষ্টা চলছে। অনেকে মনে করেন স্পেসএক্স শুধু সরকারি কাজ করে; কিন্তু মাস্ক জানালেন তাদের আয়ের খুব ছোট একটা অংশ আসে নাসা থেকে। তাদের বেশিরভাগ টাকা আয় হয় স্টারলিংক ইন্টারনেটের ব্যবসা থেকে। এমনকি টিভিতে বিজ্ঞাপন দিয়েও তারা এখন এ ইন্টারনেটের প্রচার চালাচ্ছে। রোবট ও এআই নিয়ে কাজ করা ইলন মাস্কের কোম্পানি এখন মহাকাশে বড় কম্পিউটার সেন্টার বানানোর কথা ভাবছে।